গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা বোমায় আগুন ধরে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে।
এছাড়া রাতের বেলা ঢাকা-খুলনা মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় গাছে কেটে রাস্তায় যান চলাচল ব্যহত করে তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস রাস্তা থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
গোপালগঞ্জ সদর থানার ওসি শাহ আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ জেলা সদরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ভোররাতে কে বা কারা গণপূর্ত অফিসের মধ্যে বেশ কয়েকটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এসময় গণপূর্ত অফিসে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে বিষয়টি টের পেয়ে অফিসের কর্মচারীরা গাড়ির আগুন নিভিয়ে ফেলে।
সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত ২টার পরে কে বা কারা গ্রামীন ব্যাংক লক্ষ্য করে ৫/৬ টি হাতে বানানো পেট্রোলবোমা ছুড়ে মারে। একটিতে আগুন ধরে গেলে তারা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
এদিকে আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে জেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জেলাজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
রিপোর্টার নাম: 





















